মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (২৫ মার্চ) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস-এ একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তার দাবি, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর ইরান পাল্টা হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ধীরে ধীরে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও প্রভাব ফেলছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। ফলে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বৈশ্বিক জ্বালানি বাজার এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
