বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আগামী এক দশকের মধ্যে চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬

আগামী এক দশকের মধ্যে চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের কম সময়ের মধ্যেই চাঁদে এমন একটি শহর গড়ে তোলা সম্ভব। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য এখনো স্পেসএক্সের রয়েছে। তবে বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হলো সভ্যতাকে নিরাপদ রাখা এবং দ্রুত চাঁদে পৌঁছানো।

মাস্কের এই বক্তব্য গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা এখন চাঁদ অভিযানে বেশি গুরুত্ব দিচ্ছে এবং মঙ্গল গ্রহে অভিযান আপাতত ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হচ্ছে।

স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণ করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ গত বছর পর্যন্ত মাস্কের লক্ষ্য ছিল ২০২৬ সালের শেষ দিকে মঙ্গল গ্রহে মানববিহীন রকেট পাঠানো।

চলতি দশকের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ মিশনের পর থেকে মানুষ আর চাঁদের পৃষ্ঠে পা রাখেনি।

এদিকে এক সপ্তাহেরও কম সময় আগে ইলন মাস্ক ঘোষণা দেন, তাঁর নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআইকে কিনে নিয়েছে স্পেসএক্স। এ চুক্তিতে রকেট ও স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠানটির মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার এবং এক্সএআইয়ের মূল্যায়ন করা হয়েছে ২৫ হাজার কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পেসএক্সের মহাকাশভিত্তিক ডেটা সেন্টার তৈরির পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। মাস্কের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে কম্পিউটিং শক্তির যে বাড়তি চাহিদা তৈরি হচ্ছে, তা পৃথিবীর তুলনায় মহাকাশে কম খরচে পূরণ করা সম্ভব।

স্পেসএক্স আশা করছে, চলতি বছরের শেষ দিকে পুঁজিবাজার থেকে প্রায় পাঁচ হাজার কোটি ডলার সংগ্রহ করবে। এটি বাস্তবায়িত হলে সেটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় পাবলিক অফারিং। এর পাশাপাশি গত রোববার ভোরে মাস্ক স্পেসএক্সের প্রথম সুপার বোল বিজ্ঞাপন শেয়ার করেন, যেখানে স্টারলিংক ওয়াই-ফাই সেবার প্রচার চালানো হয়।

স্পেসএক্সকে নতুন লক্ষ্যে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাস্ক তাঁর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেসলাকেও নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছেন। বৈদ্যুতিক গাড়ির বাজারে সাফল্যের পর টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি ও রোবট তৈরির দিকে জোর দিচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি চলতি বছর প্রায় দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে গত মাসে মাস্ক জানান, ক্যালিফোর্নিয়ার টেসলা কারখানায় দুটি গাড়ির মডেলের উৎপাদন বন্ধ করে সেখানে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জায়গা তৈরি করা হবে।

তথ্যসূত্র: রয়টার্স