যুক্তরাষ্ট্রের নিউজারসি ষ্টেটের আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে পিঠা উৎসবে মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা । গত ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি এই পিঠা উৎসবের আয়োজন করে।
নান্দনিক পরিবেশে সাজানো উৎসবে বাহারি নাম ও নকশার নানা পিঠার সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিটি পিঠাই যেন বাঙালি লোকজ ঐতিহ্যের একেকটি প্রতিনিধিত্ব বহন করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে শেকড়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। আয়োজকরা জানান, প্রবাসে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা ও অনুরাগ জাগিয়ে রাখাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
উৎসবে প্রবাসী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই লক্ষ্য সফল হয়েছে বলেই প্রমাণ করে। সাংস্কৃতিক পর্বে মাসুম বাউল ও জামান রুকু সংগীত পরিবেশন করেন এবং সুব্রত চৌধুরী কবিতা আবৃত্তি করেন। শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পিঠা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএএসজের নেতৃবৃন্দ।
জহিরুল ইসলাম সেন্টু, আবু জাহিদ, সিরাজুল ইসলাম, শাহ মাহমুদ, রওশন উদ্দিন, মো. মনিরুজ্জামান, আব্দুল জব্বার, সৈয়দ শহীদ, জাকির হোসেন, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, আবুল হোসেন, আমিন খান, সিরাজুল হক, রফিকুল ইসলাম, আব্দুর রব, জিয়াউর রহমান, রফিক উদ্দিন রুমেল ও মাজহার আলী দুলালসহ অনেকের সার্বিক সহযোগিতায় উৎসব সফলভাবে সম্পন্ন হয়। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
