ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার সঙ্গে একটি গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই বৈঠকে অংশ নেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনাই ছিল আলোচনার মূল বিষয়। এই বৈঠকের পরদিনই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্টিভ উইটকফ জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজার ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।
এই বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি।
এর আগেও ইউক্রেন ইস্যুতে একাধিকবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এবং গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, দুই পক্ষ শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড নিয়ে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
এর মধ্যে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে কিয়েভে রাশিয়ার হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র: এএফপি
