সোমবার, ০৯ মার্চ ২০২৬

ইরানকে তুরস্কের কড়া সতর্কবার্তা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, মার্চ ৯, ২০২৬

ইরানকে তুরস্কের কড়া সতর্কবার্তা


তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনার পর যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।

সোমবার (৯ মার্চ) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ভূখণ্ড ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক রয়েছে। কোনো ধরনের হুমকি দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক মুহূর্তও দেরি করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না।

এর আগে তুরস্ক দাবি করে, ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা উত্তর আটলান্টিক সামরিক জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে।

ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পাশাপাশি তারা সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।