বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জানুয়ারী ২১, ২০২৬

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি তার বিরুদ্ধে হত্যাচেষ্টার কোনো উদ্যোগ নেয়, তাহলে দেশটিকে “পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে” এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকির যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে তিনি আগেই কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন।
তিনি বলেন, “ওদের এটা করা উচিত নয়। কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি আমার কিছু হলে পুরো দেশটাই যেন উড়িয়ে দেওয়া হয়।”

ট্রাম্প দাবি করেন, অতীতেও এ ধরনের হুমকি দেওয়া হলেও তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তা গুরুত্বের সঙ্গে নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, “জো বাইডেনের তখনই শক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। কেউ যদি এমন হুমকি দেয় সে প্রেসিডেন্ট হোক বা সাধারণ মানুষ—আমি হলে এমনভাবে জবাব দিতাম, যাতে তারা বুঝে যেত।”

ট্রাম্প আরও বলেন, “আমার পক্ষ থেকে খুব স্পষ্ট নির্দেশনা আছে; আমার সঙ্গে কিছু হলে ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।”

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির জেরে গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরানসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে বড় ধরনের সহিংসতার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর তথ্যমতে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮০০ জন।

ইরানের কর্তৃপক্ষ অবশ্য এসব বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে।
এর আগে, ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেও পরে তেহরান সরকার নির্ধারিত শত শত মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি তার প্রশংসা করেন।