ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণ
ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিস্ফোরণে ভবনটির অন্তত দুটি তলা ধ্বংস হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি দোকান ও পার্কিংয়ে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। হতাহতের বিষয়েও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান বাহিনী, যা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
