শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে একজোট জাপানসহ ৬ দেশ, জ্বালানি বাজারে বাড়ছে উদ্বেগ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ইরানের বিরুদ্ধে একজোট জাপানসহ ৬ দেশ, জ্বালানি বাজারে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের কয়েকটি দেশ ও জাপান যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপে অংশ নিতে প্রস্তুত। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক অবকাঠামো—বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনাগুলোর ওপর হামলা বন্ধে অবিলম্বে সর্বাত্মক স্থগিতাদেশ জরুরি।

এদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সদস্য দেশগুলোর কৌশলগত তেলের মজুত থেকে সমন্বিতভাবে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটিকে সংস্থাটির ইতিহাসে অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। আর সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক উদ্যোগ সামনে এসেছে।