রবিবার, ০৮ মার্চ ২০২৬

ইরানের বিষয়ে জরুরি বৈঠক ডাকল আরব লীগ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, মার্চ ৭, ২০২৬

ইরানের বিষয়ে জরুরি বৈঠক ডাকল আরব লীগ

যুক্তরাষ্ট্রঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন আরও জটিল ও অস্থির হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জরুরি সিদ্ধান্ত নিতে আরব লীগ বৈঠক ডেকেছে।

আগামীকাল রোববার, ৮ মার্চ, সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক করবেন। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। হোসাম জাকি জানিয়েছেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফ-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি দাবি করেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করে যুদ্ধাপরাধ করছে।

তিনি বলেন, “ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এটি যুদ্ধাপরাধ, কারণ বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি নজর রাখছি।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু অঞ্চলের জন্যই নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে।