ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে জানা গেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত অভিযানে ১২০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
দেশজুড়ে পরিচালিত এই অভিযানে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শত্রুপক্ষের সামরিক কর্মকাণ্ডে সহায়তা এবং গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংগ্রহ করে বাইরে পাঠানোর অভিযোগ রয়েছে।
আইআরজিসির তথ্যমতে, পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থানের অবস্থান শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে।
এ ছাড়া মাজানদারান প্রদেশ থেকে ৬৯ জন এবং কেরমান প্রদেশ থেকে আরও ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের তিনটি পৃথক ‘গুপ্তচর চক্রের’ সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করেছে কর্তৃপক্ষ।
তবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
