যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে ২০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে আজারবাইজান। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আজারট্যাগ শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাঠানো সহায়তার মধ্যে রয়েছে ১৯০ টন খাদ্যপণ্য, ৭ টন ওষুধ এবং ৩ টন চিকিৎসাসামগ্রী।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের নির্দেশনায় এ সহায়তা পাঠানো হয়। প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ হিসেবে ইরানের জনগণের জরুরি প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে গত মার্চ মাসেও আজারবাইজান থেকে ইরানে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়। সেই সহায়তার মধ্যে ছিল ১০ টন আটা, ৬ টন চাল, ২ দশমিক ৪ টন চিনি, ৪ টনের বেশি পানি, ৬০০ কেজি চা এবং প্রায় ২ টন ওষুধ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানের সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
