ইরানে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে, ঠিক সেই সময় ইরানপন্থী এই গোষ্ঠী জানিয়ে দিয়েছে সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে।
খবর আল জাজিরার।
রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর প্রধান আবু হুসেইন আল হামিদাভি যোদ্ধাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি’ ইরানকে দমন ও ধ্বংস করতে একত্র হচ্ছে। তার ভাষায়, ইরান মুসলমানদের জন্য ‘দুর্গ ও গর্বের প্রতীক’।
আল হামিদাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের সংঘাতে জড়ালে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
তিনি আরও দাবি করেন, গত বছরের জুনে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও সে সময় আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবারে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। আল হামিদাভির ভাষায়, ‘অক্ষ শক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সর্বাত্মকভাবে সহায়তা করা।’
উল্লেখ্য, কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অন্যতম বড় ও প্রভাবশালী গোষ্ঠী। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএসের দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়।
