বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ইরান মিশনের প্রথম দিনেই শত শত মিলিয়ন ডলার খরচ যুক্তরাষ্ট্রের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ইরান মিশনের প্রথম দিনেই শত শত মিলিয়ন ডলার খরচ যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম দিনেই বড় অঙ্কের ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মাত্র ২৪ ঘণ্টায় এই অভিযানে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে বি–২ স্টেলথ বোমারু বিমানসহ এফ–২২, এফ–৩৫, এফ–১৬ এবং এ–১০ আক্রমণ বিমান ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ইএ–১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমানও মোতায়েন ছিল।

এছাড়া এমকিউ–৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহৃত হয়েছে।

তথ্য অনুযায়ী, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে চারটি বি–২ স্টেলথ বোমারু বিমান লক্ষ্যবস্তুতে হামলা চালায়। শুধু এই বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই প্রায় ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার।

অন্যদিকে, বিভিন্ন যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।

এই ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেটের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।