ইরান–সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, তাদের হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত ১২ দিনে পরিচালিত ২৯১টি সামরিক অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর প্রেস টিভির।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব হামলায় কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা ২৯১টিতে পৌঁছেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও উল্লেখ করা হয়েছে।
ইরাকি গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বশক্তিগুলো স্বাধীন জনগণের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমন করতে চায়। ইহুদিবাদী ও মার্কিন শক্তি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তাদের মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করা হয়েছে।
গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যে কোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে ইরাকসহ পুরো অঞ্চলে তাদের বাহিনী ও সামরিক ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সূত্র: প্রেস টিভি।
