বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ার রাজপথে বিক্ষোভ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬

ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ার রাজপথে বিক্ষোভ

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এসব বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর জন্য হারজগকে দায়ী করে তাঁর সফরের বিরোধিতা জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইনপন্থি সংগঠন ও মানবাধিকারকর্মীরা এই সফরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় হারজগ পরোক্ষভাবে জড়িত।

গত বছর সিডনির বন্ডি বিচে একটি হানুক্কাহ অনুষ্ঠানে ভয়াবহ হামলার পর অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে বহুনগর সফরে অস্ট্রেলিয়ায় এসেছেন হারজগ। ওই হামলায় ১৫ জন নিহত হন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে চলতি সপ্তাহে দেশটি সফর করছেন তিনি।
সোমবার সন্ধ্যায় সিডনির কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা (সিবিডি) ঘিরে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। এক বিক্ষোভকারী বলেন, বন্ডির হত্যাকাণ্ড ভয়াবহ ছিল, কিন্তু অস্ট্রেলীয় নেতৃত্ব ফিলিস্তিনি জনগণ ও গাজার মানুষের কষ্টের স্বীকৃতি দেয়নি। হারজগ দখলদারিত্ব নিয়ে সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।

বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আকাশে পুলিশ হেলিকপ্টার টহল দেয় এবং ঘোড়ায় টহলরত পুলিশ সদস্যদেরও দেখা যায়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ পিপার স্প্রে ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।

হারজগের সফরকে ‘মেজর ইভেন্ট’ ঘোষণা করে সিডনি কর্তৃপক্ষ বিরল ক্ষমতা প্রয়োগের অনুমতি দেয়। এর আওতায় জনসমাবেশ ছত্রভঙ্গ করা, নির্দিষ্ট এলাকায় প্রবেশ সীমিত করা, লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া এবং যানবাহন তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। তবে এসব বিধিনিষেধের বিরুদ্ধে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ আদালতে আইনি চ্যালেঞ্জ জানালেও সিডনির একটি আদালতে তারা ব্যর্থ হয়।
অন্যদিকে, বিক্ষোভস্থল থেকে এক কিলোমিটারের বেশি দূরে সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে হাজারো ইহুদি সম্প্রদায়ের সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিরোধী দলের রাজনীতিবিদরা হারজগকে স্বাগত জানান। সেখানে বন্ডি বিচ হামলায় নিহতদের স্মরণ করা হয়।
এর আগে সোমবার সকালে হারজগ বন্ডি বিচে গিয়ে নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি নিহতদের পরিবারের সদস্য ও হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

হারজগ বলেন, ‘এই হামলা শুধু ইহুদি সম্প্রদায়ের ওপর নয়, সব অস্ট্রেলিয়ানের ওপরই আঘাত। এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলা—যার মধ্যে রয়েছে মানবজীবনের পবিত্রতা, ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা ও মর্যাদা।’

এদিকে, একই দিনে ইসরায়েল সরকারের কট্টর সমালোচক সংগঠন জুইশ কাউন্সিল অব অস্ট্রেলিয়া একটি খোলা চিঠি প্রকাশ করেছে। এতে এক হাজারের বেশি ইহুদি অস্ট্রেলীয় শিক্ষাবিদ ও কমিউনিটি নেতার স্বাক্ষর রয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে হারজগের আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
তথ্যসূত্র: রয়টার্স