কিউবার উত্তর-পশ্চিম উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবারের এ ভূমিকম্পের কম্পন কিউবার পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
ভূকম্পবিদদের মতে, গত প্রায় দেড় শতাব্দীর মধ্যে এ অঞ্চলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউবার পশ্চিমাঞ্চলীয় শহর মানতুয়ার পশ্চিম-উত্তরপশ্চিমে প্রায় ১০৪ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ২৬ কিলোমিটার।
ভূমিকম্পের পর কিউবার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। একই সময়ে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের কয়েকটি পর্যটন নগরী এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণাঞ্চলেও কম্পন অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল বলেন, এ ভূমিকম্পটি তুলনামূলক বিরল ধরনের। তাঁর ভাষ্য, ১৮৮০ সালের পর থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থলের ৩২২ কিলোমিটারের মধ্যে এত শক্তিশালী আর কোনো ভূমিকম্পের রেকর্ড পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
