যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। ওই নারীকে হুয়াংয়ের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার (৬ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই নারী এশিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন নির্বাহী। মার্কিন কর্মকর্তারা তাঁর ওপর গোয়েন্দা নজরদারির তথ্যসংবলিত একটি স্মারকলিপি থেকে এসব অভিযোগের বিষয়ে জানতে পারেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন বলে মার্কিন গোয়েন্দাদের ধারণা। যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনা সংস্থাটি। পাশাপাশি এনভিডিয়াকে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চীনের কাছে বিক্রিতে রাজি করানোর চেষ্টাও করা হয়েছিল। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কখন বা কীভাবে পরিচয় হয়েছিল, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
অন্যদিকে, শুক্রবার রাতে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের ধারণা, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের প্রেমের সম্পর্ক ছিল।
চলতি সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নির্বাচনের ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। তবে কথিত চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগের বিষয়টি নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতারাও অনুসন্ধান করছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানায়, জেনসেন হুয়াংকে যৌথ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
কমিটির বিবৃতিতে বলা হয়, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গোয়েন্দা তৎপরতা থেকে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা সুরক্ষিত রাখার বিষয়ে আইনপ্রণেতাদের উদ্বেগ চিঠিতে তুলে ধরা হয়েছে। বিবৃতিতে অ্যালিস হুয়াংকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।
সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড অংশীদার নেটওয়ার্কের সদস্য। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে যন্ত্রপাতি কিনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, তাদের ক্লাউড অংশীদারেরা যুক্তরাষ্ট্রের আইন পরিবর্তনের জন্য প্রতিষ্ঠানটিকে অনুরোধ করে না। একইভাবে চীনে পণ্য বিক্রির পক্ষেও তারা প্রচারণা চালায় না।
বিবৃতিতে আরও বলা হয়, এনভিডিয়ার ক্লাউড অংশীদারদের মাধ্যমে কেউ গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করলেও সফল হওয়ার সুযোগ নেই। কারণ, গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানটি কোনো গোপনীয় তথ্য ভাগাভাগি করে না।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের প্রেমের সম্পর্কের বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে এনভিডিয়া হুয়াংয়ের আগের বক্তব্যের কথা উল্লেখ করে। এর আগে হুয়াং বলেছিলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক।
এ বিষয়ে মন্তব্য জানতে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস
