চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি স্বর্ণের খনিতে দুর্ঘটনায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খনির ভেতরে একটি কেজ বা লিফট দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঘটনার তথ্য সোমবার গভীর রাতে প্রকাশ্যে আসে। দুর্ঘটনার পর খনিটির মালিক প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ারের দরে বড় ধরনের পতন দেখা গেছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে দুর্ঘটনার তথ্য গোপন করার কোনো চেষ্টা করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোম্পানি রেজিস্ট্রি কিচাচার তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট খনিটি চীনের শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির মালিকানাধীন। মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ৫টা ২৫ মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৬ দশমিক শূন্য ১ শতাংশ কমে লেনদেন হচ্ছিল।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ঝাওজিন মাইনিংয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে আসন্ন চন্দ্র নববর্ষকে সামনে রেখে দুর্ঘটনা প্রতিরোধে সোমবার একটি বৈঠক করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৈঠকে খনি, রাসায়নিক কারখানা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ পরিদর্শন জোরদারের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, একই দিনে উত্তর চীনের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে আরও আটজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
