বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জানুয়ারী ৭, ২০২৬

টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

দীর্ঘ সময়ের টানা ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার পথে হাঁটায় বুধবার স্বর্ণের দাম কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেনদেনের একপর্যায়ে স্পট গোল্ডের দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৫২.৯৭ ডলারে নেমে আসে। যদিও সেশনের শুরুতে স্বর্ণের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ প্রতি আউন্স ৪,৫৪৯.৭১ ডলারে উঠে সর্বকালের নতুন রেকর্ড গড়ে।

এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার্সের দামও কমেছে। ফিউচার্স বাজারে স্বর্ণের দাম ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৪৬২.৭০ ডলারে লেনদেন হচ্ছে।

দামের এই সাময়িক পতনে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে দাম বাড়ার পর প্রফিট বুকিং স্বাভাবিক একটি প্রক্রিয়া, যা বাজারকে ভারসাম্যে রাখতে সহায়ক।

তবে বিশ্লেষকরা এটাও বলছেন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদের হার কমানোর ইঙ্গিত এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা দীর্ঘমেয়াদে দামকে আবারও ঊর্ধ্বমুখী করতে পারে।
বর্তমান দরপতনকে অনেকেই স্বর্ণবাজারে একটি ‘সংশোধনমূলক বিরতি’ হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি নতুন বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনার একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেছে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।