বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আলটিমেটামের জবাবে কঠোর অবস্থান তেহরানের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

ট্রাম্পের আলটিমেটামের জবাবে কঠোর অবস্থান তেহরানের

যুদ্ধ–আলোচনা–যুদ্ধবিরতির পুনরাবৃত্ত চক্রে আর ফিরবে না ইরান—এমন অবস্থান জানিয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে তেহরান এই প্রতিক্রিয়া জানায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেছেন, যুদ্ধ, আলোচনা ও যুদ্ধবিরতির একই চক্র আর চলতে দেওয়া হবে না।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। সতর্ক করে তিনি বলেন, তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এ অবস্থায় বাঘেই বলেন, চলমান সংঘাত শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে ইরান শত্রু মনে করে না; বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বাঘেই এই সংঘাতকে ইরানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ নেই।

এর আগে স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প নাসার আর্টেমিস–২ মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

ভাষণের পরবর্তী অংশে তিনি প্রায় এক মাস ধরে চলা ইরানসংক্রান্ত উত্তেজনা নিয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, এ সময়ে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও কমে গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানকে তিনি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের কর্মকাণ্ড প্রমাণ করে দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।

এ সময় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান। তাঁর দাবি, এতে বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে।