বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নাইজেরিয়ায় আরও ১০০ মার্কিন সেনা, প্রশিক্ষণ ও পরামর্শ দেবে যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৬

নাইজেরিয়ায় আরও ১০০ মার্কিন সেনা, প্রশিক্ষণ ও পরামর্শ দেবে যুক্তরাষ্ট্র

নাইজেরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর আরও প্রায় ১০০ সদস্য পৌঁছেছেন। তারা দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ দেবেন। তবে সরাসরি জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন সেনারা স্থানীয় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা সমন্বয় এবং প্রযুক্তিগত সহায়তায় কাজ করবেন। সম্প্রতি মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামবাহী একাধিক বিমান দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে অবতরণ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নাইজেরিয়া। তবে নাইজেরিয়া সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী ধর্ম নির্বিশেষে সব সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

গত ডিসেম্বর নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলে তথাকথিত ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর একটি ছোট মার্কিন দল দেশটিতে গোয়েন্দা তৎপরতা শুরু করে বলে জানা যায়।

চলতি মাসে আরও প্রায় ২০০ মার্কিন সেনা নাইজেরিয়ায় পৌঁছাতে পারেন বলে কূটনৈতিক সূত্রের তথ্য। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র বলেছেন, নাইজেরিয়ার যুদ্ধবিমান ও অস্ত্রব্যবস্থা আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

প্রায় ২৪ কোটি জনসংখ্যার নাইজেরিয়ায় ধর্মীয়ভাবে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের উপস্থিতি প্রায় সমান। দক্ষিণাঞ্চল প্রধানত খ্রিস্টান অধ্যুষিত, আর উত্তরাঞ্চল মুসলিম প্রধান। দীর্ঘদিন ধরে উত্তর–পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।