নাসার বর্ষীয়ান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের পর অবসর গ্রহণ করেছেন।
গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হয়েছে। মহাকাশে ৬০৮ দিন কাটিয়ে তিনি নাসার মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সময়কারী হিসেবে রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযান সম্পন্ন করা সুনিতা মানব মহাকাশ ভ্রমণের একাধিক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন।
তিনি মোট ৯টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন, যার মাধ্যমে মহাকাশযানের বাইরে ৬২ ঘণ্টা ৬ মিনিট সময় অতিবাহিত করেছেন। এটি কোনো নারী মহাকাশচারীর জন্য সর্বোচ্চ এবং নাসার ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ।
অবসরপ্রাপ্ত সুনিতাকে মোটামুটি বড় অংকের পেনশন প্রদান করা হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সরকার তার সঠিক পেনশনের পরিমাণ প্রকাশ করেনি, তবে অনুমান করা হচ্ছে যে তিনি ফেডারেল সরকারের থেকে বার্ষিক প্রায় ৪৩,২০০ মার্কিন ডলার পেতে পারেন। এ হিসাবের সঙ্গে তার নাসার ২৭ বছরের সেবা ও ইউএস নেভি ক্যাপ্টেন হিসেবে কাটানো সময় যুক্ত হওয়ায়, পেনশন আরও বেশি হতে পারে।
সূত্র: এনডিটিভি
