রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

নিউইয়র্কে ইফতার মাহফিলে ড. এ কে এম আব্দুল মোমেনের উপস্থিতি ঘিরে আলোচনা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৬

নিউইয়র্কে ইফতার মাহফিলে ড. এ কে এম আব্দুল মোমেনের উপস্থিতি ঘিরে আলোচনা

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে আসা একাংশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে দেখা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পলাতক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গুলশান টেরেসে সভাপতি মইমুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ নেতৃত্বাধীন সংগঠনটির এ ইফতার অনুষ্ঠানে তাকে ভিন্নধর্মী ও নতুন বেশে উপস্থিত থাকতে দেখা যায়।

ইফতার মাহফিলে তার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই তাকে আমন্ত্রণ জানানোয় জালালাবাদ এসোসিয়েশনের সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার প্রকাশ্য উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন।

ইফতার মাহফিলে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রবাসী মহলে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে একাধিক বিষয়ে বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন একে মোমেন। মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর প্রথমেই ভারত সফরে গিয়ে দুই দেশের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে বলেছিলেন, উভয় দেশের সম্পর্ক খুবই ভালো। অনেকটা স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো।

এছাড়া অপর এক বক্তব্যে ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’ – এমন বক্তব্য দিয়েও ব্যাপক সমালোচিত হন তিনি।

সম্প্রতি জনপ্রিয় আরটি টকশোতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে নিয়ে সমালোচনা করেন সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক রতন তালুকদার। তিনি অভিযোগ করেন, ড. মোমেনের ১৭ বছরের কর্মকাণ্ডে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ্য করা গেছে। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত এবং প্রকাশ্য বক্তব্য দেশের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।