বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছকে সংবর্ধনা দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসীরা প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জোর দাবি জানান।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ জি কে গউছ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ও গিয়াস আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মানপত্র পাঠ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মতবিনিময় পর্বে উপস্থিত বক্তারা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা সমস্যা ও যুক্তিসংগত দাবি তুলে ধরেন। প্রবাসীরা জানান, ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় বয়স্ক ও শিশুদের নিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুগ এই রুটে সরাসরি বিমানসেবা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কোটা প্রবর্তন, জাতীয় পরিচয়পত্র ও এনভিআর সিল প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং দেশে প্রবাসীদের জমিজমা দখল রোধে আইনি সুরক্ষা জোরদার করার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ তার রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের মহাসড়ক ও রেল যোগাযোগসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান কাজ চলমান রয়েছে। প্রবাসীরা দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের উত্থাপিত প্রতিটি দাবি সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানটিতে বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
