নিউইয়র্ক সিটির জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে প্রায় ৬২ শতাংশ বাসিন্দা দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। শহরের মেয়র অফিস অব ইক্যুয়িটি অ্যান্ড রেসিয়াল জাস্টিস প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে একটি পরিবারকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ন্যূনতম আয় প্রয়োজন উল্লেখযোগ্যভাবে বেশি।
গবেষণা অনুযায়ী, সন্তানবিহীন একটি মধ্যম আয়ের পরিবারের জন্য বছরে প্রায় ১ লাখ ৬ হাজার ডলারের বেশি আয় প্রয়োজন নিউইয়র্কে বসবাসের জন্য। আর সন্তানসহ পরিবারের ক্ষেত্রে এই ব্যয় বেড়ে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলারে পৌঁছায়। তবে অনেক পরিবারই এই আয়ের স্তরে পৌঁছাতে পারছে না।
প্রতিবেদনটি ২০২২ সালে ভোটারদের অনুমোদিত একটি উদ্যোগের ভিত্তিতে তৈরি। যেখানে নিউইয়র্ক সিটির ‘ট্রু কস্ট অব লিভিং’ (জীবনযাত্রার প্রকৃত ব্যয়) নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছিল। এতে বাসস্থান, স্বাস্থ্যসেবা, খাদ্য, শিশু যত্ন, পরিবহনসহ বিভিন্ন মৌলিক খরচ বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় আর্বান ইনস্টিটিউটের তথ্য ও মডেল ব্যবহার করে শহরের প্রায় ৮.১৬ মিলিয়ন বাসিন্দার অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, বিভিন্ন বয়স, পরিবার কাঠামো, বর্ণ ও অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয় এবং আয়ের মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শহরের মোট জনসংখ্যার প্রায় ৬১.৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ তাদের আয় দিয়ে জীবনযাত্রার পূর্ণ ব্যয় মেটাতে পারছেন না। এ সংখ্যা প্রচলিত দারিদ্র্য সূচকের তুলনায় অনেক বেশি, যেখানে ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল মাত্র ১৮ শতাংশ।
গবেষণায় আরও বলা হয়েছে, যারা ব্যয় মেটাতে পারছেন না, তাদের গড় আয়ের ঘাটতি বছরে প্রায় ৩৯ হাজার ৬০০ ডলার। এছাড়া প্রায় ৮ শতাংশ মানুষ সব ধরনের খরচ মেটাতে পারলেও সঞ্চয় করতে পারছেন না, অর্থাৎ তারা বেতন থেকে বেতনে জীবনযাপন করছেন।
জাতিগত বৈষম্যও প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে ৭৭.৬ শতাংশ, কৃষ্ণাঙ্গদের মধ্যে ৬৫.৬ শতাংশ এবং এশীয় ও প্যাসিফিক আইল্যান্ডারদের মধ্যে ৬৩.৩ শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে পারছেন না। শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার ৪৩.৭ শতাংশ।
এছাড়া ১৮ বছরের নিচের শিশুদের মধ্যে প্রায় ৭২.৫ শতাংশ শিশু এমন পরিবারে বসবাস করে, যারা জীবনযাত্রার পূর্ণ ব্যয় বহন করতে পারছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অঞ্চলভেদেও পার্থক্য স্পষ্ট। শহরের দ্য ব্রঙ্কস এলাকায় সর্বোচ্চ ৭৫.১ শতাংশ বাসিন্দা জীবনযাত্রার ব্যয় মেটাতে পারছেন না। ব্রুকলিন-এ এই হার ৬১.৫ শতাংশ এবং কুইন্স-এ ৬১.১ শতাংশ। তুলনামূলকভাবে ম্যানহাটন-এ ৫৫.৬ শতাংশ এবং স্ট্যাটেন আইল্যান্ড-এ ৪৮.২ শতাংশ মানুষ এই সীমার নিচে রয়েছেন।
প্রতিবেদনটি নিউইয়র্ক সিটির অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বলছে, উচ্চ ব্যয় ও সীমিত আয়ের কারণে অনেক পরিবার আর্থিক নিরাপত্তা অর্জন করতে পারছে না। যা শহরের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও স্পষ্ট করে তুলছে।
