বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ ভিসায় অনুমোদনপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার বিধান কার্যকর হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্যমতে, ২১ জানুয়ারির পর যেসব আবেদনকারী বি১/বি২ ভিসায় অনুমোদিত হবেন, কেবল তাদের ক্ষেত্রেই এ বন্ড প্রযোজ্য হবে। এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এ শর্ত কার্যকর হবে না।
যুক্তরাষ্ট্র দূতাবাস স্পষ্ট করে জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ পরিশোধ করলেও তা ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ পরিশোধের বিষয়ে সতর্কতা জারি করে দূতাবাস জানায়, এ ধরনের কার্যক্রম প্রতারণামূলক হতে পারে।
দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
