বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, কার্যক্রম বিঘ্নিত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, কার্যক্রম বিঘ্নিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রয়টার্স জানিয়েছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

একই দিন বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ এটিকে ইরানি হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে কোন কোম্পানির স্থাপনায় এটি ঘটেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—সেসব বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

হামলার খবর প্রকাশের একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। এর মধ্যে মাইক্রোসফট, গুগল ও অ্যাপলকেও উল্লেখ করা হয়েছিল। হুমকিটি ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে দেওয়া হয়েছিল।

রয়টার্স বার্তাসংস্থা হামলার বিষয়ে অ্যামাজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত সপ্তাহেও অ্যামাজন জানিয়েছিল, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা অঞ্চলে বিঘ্ন ঘটেছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার, যে কারণে যুদ্ধের প্রভাব প্রতিষ্ঠানটির কার্যক্রমে পড়েছে।

অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট বহু পরিচিত ওয়েবসাইট এবং সরকারি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি প্রতিষ্ঠানটির প্রধান মুনাফার উৎস হিসেবেও বিবেচিত।