হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টারের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুর্ঘটনায় হেলিকপ্টারটির কোনো ক্রু সদস্য আহত হননি। এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটি, প্রতিকূল পরিস্থিতি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন সামরিক বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
