সোমবার, ২৫ মে ২০২৬

বিশৃঙ্খলার মুখে নিউ জার্সির লং ব্রাঞ্চে জরুরি কারফিউ জারি: আটক ৬

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, মে ২৪, ২০২৬

বিশৃঙ্খলার মুখে নিউ জার্সির লং ব্রাঞ্চে জরুরি কারফিউ জারি: আটক ৬

নিউ জার্সির লং ব্রাঞ্চের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘পিয়ার ভিলেজ’ (Pier Village) এলাকায় কয়েকশ কিশোর-কিশোরীর বিশৃঙ্খল আচরণের জেরে জরুরি কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অস্থিতিশীল পরিস্থিতির মুখে জননিরাপত্তা রক্ষায় রাত ৮টা থেকে কারফিউ কার্যকর করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি “পপ-আপ” সমাবেশ বা অনিবন্ধিত পার্টির ডাকে সাড়া দিয়ে কয়েকশ তরুণ-তরুণী লং ব্রাঞ্চ সৈকত এলাকায় জড়ো হয়। সন্ধ্যা বাড়ার সাথে সাথে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এক পর্যায়ে কিশোর-কিশোরীরা মারামারি, দোকানের সামনে গোলমাল এবং এমনকি পুলিশের গাড়ির ওপর উঠে লাফালাফি শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মনমাউথ কাউন্টির বিভিন্ন দপ্তর থেকে প্রায় ১৪০ জন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে মোতায়েন করা হয়। জননিরাপত্তার স্বার্থে লং ব্রাঞ্চের মেয়র এবং পুলিশ বিভাগ তাৎক্ষণিক জরুরি অবস্থা ও কারফিউ ঘোষণা করে।

পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটক ও সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে পুরো এলাকা জনশূন্য করে ফেলে পুলিশ।
লং ব্রাঞ্চ পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা ও পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে এখন পর্যন্ত ৪ জন অপ্রাপ্তবয়স্ক এবং ২ জন প্রাপ্তবয়স্কসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মেমোরিয়াল ডে উইকএন্ড সামনে রেখে সমুদ্র উপকূলীয় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।