সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, এপ্রিল ৫, ২০২৬

বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতি।

রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্লাস্টার মিউনিশন ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে একই সময়ে বিমানবন্দর এলাকায় ‘হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল’ বা বিপজ্জনক পদার্থসংক্রান্ত একটি ঘটনার কথাও জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সতর্কতা জারি করা হয়।

ঘটনার পর বিমানবন্দরের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদার্থটির প্রকৃতি শনাক্ত ও নিরাপদে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। রোববার আলজাজিরার আরেক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের কোহগিলুয়েহ প্রদেশের দেহদাশত এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর দুই দিন আগে ওই এলাকায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। চলমান উদ্ধার অভিযানের মধ্যেই এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে অন্তত চারজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অনানুষ্ঠানিক সূত্রে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।