বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়নের গতি বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
গত ১৭ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা শুরু করতে এখনো অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাগে। এই জটিলতা কমাতে সরকার অনলাইনভিত্তিক সেবা চালুর মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে বারবার যেতে হবে না এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় মন্ত্রী সিলেট-১ আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়েও প্রবাসীদের অবহিত করেন। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
