ভারত–বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সেবা পুনরায় চালু হয়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের সম্পর্কে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে এ পদক্ষেপকে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে নতুন সরকার দ্রুত ইতিবাচক বার্তা দিতে চেয়েছে।
গত ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ওই ঘটনার পর বাংলাদেশে বিক্ষোভ শুরু হয় এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশ কনস্যুলার ও ভিসা সেবা স্থগিত করে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে সব ধরনের ভিসা পুনরায় চালু হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও কর্মসংস্থান ভিসা। ডিসেম্বরের বিধিনিষেধের সময় ব্যবসা ও কাজের ভিসা আংশিকভাবে চালু থাকলেও এখন সব শ্রেণির ভিসাই স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে।
এদিকে, ভিসা সেবা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ভারতও। সিলেটে ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা শিগগিরই চালু করা হবে। বর্তমানে চিকিৎসা ও ডাবল–এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে; অচিরেই ভ্রমণসহ অন্যান্য ভিসা কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি মোদির আমন্ত্রণপত্রও হস্তান্তর করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে।
