মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ।
শনিবার (১৮ জুলাই) কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে কুয়েত এয়ারওয়েজের অধিকাংশ ফ্লাইট পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিমান সংস্থাটি যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কবে থেকে স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হবে, সে বিষয়ে কোনো সময়সূচি জানায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি, কুনা, কুয়েত এয়ারওয়েজ।
