দক্ষিণ নাইজেরিয়ার আকাশে একটি বাণিজ্যিক বিমান উড্ডয়নের সময় ইঞ্জিনে বিস্ফোরণ ঘটেছে। পাইলটদের দ্রুত সিদ্ধান্তে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বিমানটির ৮০ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে বেঁচে গেছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই ঘটনা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আরিক এয়ারের বোয়িং ৭৩৭-৭০০ মডেলের বিমানটি লাগোস থেকে পোর্ট হারকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে মুরতালা মুহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর প্রায় ২৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে বাম পাশের ইঞ্জিনে বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণ ঘটে।
ইঞ্জিন বিস্ফোরণের পর পাইলটরা তৎক্ষণাত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
সকাল ৮টা ৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরেই জরুরি সেবা দল প্রস্তুত ছিল।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, বিমানের ইঞ্জিনের ধাতব আবরণ ছিঁড়ে গেছে এবং ভেতরের যন্ত্রাংশ ও ফ্যান ব্লেড দৃশ্যমান। প্রাথমিক ধারণা, এটি ‘ফ্যান ব্লেড অফ’ ধরনের ঘটনা হতে পারে, যেখানে ইঞ্জিনের একটি ব্লেড ভেঙে কাঠামোগত ক্ষতি ঘটায়। বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ বিমানটির লেজের উল্লম্ব স্থিতিশীল অংশেও আঘাত হেনেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
নাইজেরিয়ার নিরাপত্তা তদন্ত ব্যুরো একটি প্রাথমিক তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। তারা ফ্লাইট ডাটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার পরীক্ষা করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেবে।
এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি উড্ডয়ন করবে না।
