বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মিশিগানের হল্যান্ড শহরে বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

মিশিগানের হল্যান্ড শহরে বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হল্যান্ড শহরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩। আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি পরিণত হয় এক বর্ণাঢ্য মিলনমেলায়।

উৎসবের সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বার্নাডেট শুভ্রা গমেজ এবং দেবাংশু হোরসহ প্রবাসী শিল্পীরা। এছাড়া লিলিয়ান গ্রেগরি, সুইটি রোজারিও, সুবির ক্রুজ, মাইকেল রয়, সোনালী বৈদ্য, পূর্ণিমা অ্যানি, ইরা, মেরি সমৃদ্ধি হোর, সিনথিয়া ক্রুজ, লিলি রয় ধর, ইমি গাইন, গুনগুন ও গুঞ্জনসহ অনেকে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন।

অনুষ্ঠানে বার্নাডেট শুভ্রা গমেজের অভিনয় এবং কবি লিলিয়ান গ্রেগরির স্বরচিত কবিতার পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। পরবর্তীতে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাস্টর সোফাট ডাচ ও তার পরিবার এবং তেনজির খান লিঙ্কন ও তার পরিবার। বর্ষবরণ উপলক্ষে সমবেত সঙ্গীত, দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। পাশাপাশি ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণমূলক খেলাধুলা, র‍্যাফেল ড্র ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জর্জ মিলান। আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জর্জ মিলান গাইন, মাইকেল রয়, সুবির ক্রুজ, দেবাংশু হোর, যশুয়া খন্দকার, শ্যামল ধর ও লিনুস টলেন্টিনু।

সবশেষে ছিল দেশীয় খাবারের আয়োজন, যেখানে পরিবেশিত হয় পান্তা ভাত, ইলিশ ভাজা, নানা ধরনের ভর্তা, খিচুড়ি, মাংসের পদ এবং মিষ্টান্ন হিসেবে পায়েস, রসগোল্লা ও মিষ্টি দই। প্রবাসে বসেও দেশীয় স্বাদের এমন আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।