যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে জাফর আসাদি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিও সেই ধারারই প্রতিফলন।
মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপকে ‘মিডিয়াকেন্দ্রিক’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, এসবের উদ্দেশ্য তেলের দাম পতন ঠেকানো এবং নিজেদের সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসা।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ‘দুঃসাহসিক পদক্ষেপ’ নেয় বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে ধাপে ধাপে পাল্টা হামলা চালায়। এতে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানা হয়।
প্রায় ৪০ দিন সংঘাত চলার পর পাকিস্তান-এর মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইরানের অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত শর্ত ও অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা ভেস্তে যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও নতুন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।
