বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে ১৪ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো বাড়িঘর

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জানুয়ারী ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে ১৪ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো বাড়িঘর

যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড় ও তীব্র শীতের কারণে এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাবে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ৮ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বরাতে এবিসি নিউজ জানায়, ইলিনয়েস, ওহাইও, ইন্ডিয়ানা, কানসাস, নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস ও টেনেসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারে ঢেকে গেছে।

এ ছাড়া ক্যারোলাইনা অঞ্চল ও মধ্য আটলান্টিকের কয়েকটি রাজ্যে তুষারপাতের পাশাপাশি বরফশীতল বৃষ্টি শুরু হয়েছে, যা যান চলাচল ও দৈনন্দিন জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে। এর আওতায় পড়েছেন প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার একদিনেই বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে এক দিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এই প্রথম।