রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ছে, মৃত্যু ১০

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ছে, মৃত্যু ১০

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৫টি অঙ্গরাজ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১২ জনের শরীরে। আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী বেড়েছে ২৩০ জন।

মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে পোলস্যাট নিউজ।

হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পেনসিলভানিয়ায়। রাজ্যটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উইসকনসিনে দুজন ও নিউইয়র্কে একজন মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) উইসকনসিনের স্বাস্থ্য বিভাগ রাজ্যটিতে দ্বিতীয় মৃত্যুর তথ্য নিশ্চিত করে। একই দিন পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষও নতুন মৃত্যুর খবর জানায়।

যুক্তরাষ্ট্রে ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বছরে গড়ে ১৮০ জন হামে আক্রান্ত হতেন। তবে চলতি বছর সংক্রমণ কয়েক হাজার ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত প্রায় ২ হাজার ২০০ প্রাপ্তবয়স্ক হামে আক্রান্ত হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৭৪। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাম তুলনামূলক গুরুতর হতে পারে। আক্রান্ত প্রাপ্তবয়স্কদের প্রায় ১৫ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়।

শিশুদের টিকা নেওয়ার হার কমে যাওয়াও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে হামের টিকা নেওয়ার হার ২০১৯ সালে ছিল ৯৫ শতাংশ। ২০২৬ সালে তা কমে ৯২ শতাংশে দাঁড়িয়েছে। সংক্রমণ প্রতিরোধে এ হার ৯৫ শতাংশ থাকা প্রয়োজন। চলতি বছর প্রাক্‌-প্রাথমিক শিক্ষায় ভর্তি হওয়া প্রায় তিন লাখ শিশু হামের টিকা পায়নি।

হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকা দেওয়া হয় দুই ডোজে। প্রথম ডোজ দিতে হয় ১২ থেকে ১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ৪ থেকে ৬ বছর বয়সে। দুই ডোজ টিকা হামের সংক্রমণ প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত একজন ব্যক্তি টিকা না নেওয়া আশপাশের ৯০ শতাংশ মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন। আক্রান্ত ব্যক্তি চলে যাওয়ার পরও ভাইরাসটি বাতাসে বা কোনো পৃষ্ঠে দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। টিকা না নেওয়া আক্রান্ত ব্যক্তিদের প্রতি পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। এ ছাড়া আক্রান্ত প্রতি ২০ শিশুর একজনের নিউমোনিয়া হতে পারে।

সূত্র: ইউএ নিউজ