শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শুরু হবে আগামী সপ্তাহে: ট্রাম্প

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শুরু হবে আগামী সপ্তাহে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওমানের মাস্কাটে। ট্রাম্প বৈঠককে ফলপ্রসূ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতা না হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ বা স্থান তিনি জানাননি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমা দেশগুলো এ কর্মসূচি নিয়ে সন্দিহান যে এটি পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে, ইরান তা অস্বীকার করে আসছে।

তিনি বলেন, বৈঠক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটি দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। তবে বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরান জানিয়েছে, আলোচনায় শুধুমাত্র পারমাণবিক বিষয়ই থাকবে। যুক্তরাষ্ট্র আগে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সমর্থনের বিষয়ও আলোচনায় আনার চেষ্টা করেছিল, যা ইরান প্রত্যাখ্যান করেছে।