সোমবার, ০৬ জুলাই ২০২৬

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জুলাই ৬, ২০২৬

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া


উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার যুদ্ধজাহাজ ‘কাং কন’ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এ সময় পরীক্ষাগুলো সরাসরি তদারকি করেন দেশটির নেতা কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) ‘কাং কন’ ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌ-কামান, স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার পরীক্ষা চালানো হয়। একই সঙ্গে যুদ্ধজাহাজটিকে আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন কিম জং উন।

কেসিএনএর ভাষ্য অনুযায়ী, পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধজাহাজটিতে সংযোজিত বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও যুদ্ধ প্রস্তুতি যাচাই করা।

গত বছরের জুনে ‘কাং কন’ যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামানো হয়। এর প্রায় এক মাস আগে প্রথমবার উদ্বোধনের সময় এটি একটি দুর্ঘটনার শিকার হয়েছিল।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়া ‘কাং কন’ ডেস্ট্রয়ার থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তারা শনাক্ত করেছে।

অস্ত্র পরীক্ষার পর কিম জং উন দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ পরিচালনার প্রস্তুতি আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।