দীর্ঘদিনের সংঘাত আর উত্তেজনা কাটিয়ে এবার মুখোমুখি বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক।
এই বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, সব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তির জন্য দুই দেশের প্রতিনিধিদলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের ১০ দফার প্রস্তাবটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি এবং প্রায় সব বিতর্কিত বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এই সম্মতির কথা নিশ্চিত করেছেন। বিশেষ করে, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচলের বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছিল ইরান। যার ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়।
এই সংঘাত শুধু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এতে জড়িয়ে পড়ে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে।
