বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সংঘাত নয়, আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান: ট্রাম্প

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬

সংঘাত নয়, আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায় ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধের আবহ তৈরি হলেও আলোচনার জন্য প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলার উদ্যোগ চলছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লারিজানি বলেন, সংবাদমাধ্যমে যেভাবে সংঘাতের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, বাস্তবে তার বিপরীতে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার কাঠামো বা সময়সূচি সম্পর্কে তিনি কোনো বিস্তারিত জানাননি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সামরিক সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহ দেখাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, প্রয়োজনে শক্তি প্রয়োগের বিকল্পও প্রস্তুত রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির অভ্যন্তরীণ সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিমানবাহী রণতরিবহর মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।

তেহরান জানিয়েছে, তারা সংলাপে আগ্রহী হলেও আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি বন্ধ করতে হবে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ মহড়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার কড়া সমালোচনা করে বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বদলে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

আল-জাজিরার তেহরান প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি এখনও সংবেদনশীল হলেও আলোচনার অগ্রগতির যে ইঙ্গিত মিলছে, তা ইতিবাচক হিসেবেই দেখছেন ইরানের নীতিনির্ধারকেরা।

সূত্র: আল-জাজিরা