দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত এই বৈঠক শেষ হয়েছে অনিশ্চয়তার মধ্যেই।
বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, দীর্ঘ আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, ‘ইসলামাবাদ টকস’ নামে পরিচিত এই বৈঠক শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলে।
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আলোচনায় অগ্রগতি থাকলেও মূল বিষয়গুলোতে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্ট করেছে—কোন বিষয়ে সমঝোতা সম্ভব এবং কোন বিষয়ে নয়। তবে ইরানের প্রতিনিধিদল সেই শর্তগুলো গ্রহণ করেনি।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকে সমঝোতা না হলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকা ভবিষ্যতের সম্ভাবনার একটি ইঙ্গিত। এখন দেখার বিষয়, পরবর্তী আলোচনা নতুন কোনো সমাধানের পথ খুলে দিতে পারে কি না।
