বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

স্কুলে গুলিবর্ষণ: কানাডায় ১০ জন নিহত

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

স্কুলে গুলিবর্ষণ: কানাডায় ১০ জন নিহত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আল জাজিরা ও সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। তাকে স্কুল ভবনের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, স্কুলের ভেতরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। একই ঘটনায় সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

আরসিএমপি জানায়, গুরুতর আহত দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় একটি মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে বিভিন্ন ধরনের আঘাতের জন্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর শিক্ষার্থী ও শিক্ষকসহ স্কুলে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকায় আর কোনো তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: আল জাজিরা, সিবিসি নিউজ।