রবিবার, ০৯ আগষ্ট ২০২৬

হরমুজ চুক্তির অগ্রগতির মধ্যেই ৫১ বাণিজ্যিক জাহাজের রুট বদলেছে যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, আগস্ট ৮, ২০২৬

হরমুজ চুক্তির অগ্রগতির মধ্যেই ৫১ বাণিজ্যিক জাহাজের রুট বদলেছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা এগিয়ে যাওয়ার মধ্যেই ৫১টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজের।

সেন্টকমের তথ্যমতে, গত ১৪ জুলাই ইরানকে ঘিরে সমুদ্রপথে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ পুনর্বহালের পর এসব জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। এ ছাড়া মার্কিন বাহিনী দুটি জাহাজের চলাচল বন্ধ করেছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। সমুদ্রপথে আরোপিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তাঁর দাবি, শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করে চুক্তি কার্যকর হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু বিধিনিষেধ তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। তবে ইরান চুক্তির শর্তগুলো যথাযথভাবে পালন করছে কি না, তার ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি নির্ভর করবে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে সম্ভাব্য একটি সমঝোতা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এক কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

তবে জাহাজ চলাচলের পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো ওমানের উপকূলের কাছ দিয়ে চলাচল করবে। অন্যদিকে ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই উপকূলীয় দেশের একটি হিসেবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তাদেরও ভূমিকা থাকা উচিত।