হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে এই মুহূর্তে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজ চলাচল সংশ্লিষ্টরা প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চাইছেন। তবে ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি বেশি থাকায় এখনই নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে তারা জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে অন্য কথা।
জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে নিরাপত্তা ইস্যুতে যোগাযোগ করেছে। তবে নৌবাহিনী তাদের জানিয়েছে, বর্তমানে হামলার ঝুঁকি বেশি থাকায় জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হামলার ঝুঁকি কমে এলে তখনই নিরাপত্তা দেওয়া হবে।
সূত্র: রয়টার্স।
