তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে উঠলে জার্মানির অর্থনীতি বছরে ২০ বিলিয়ন ইউরোর (প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান প্রগনোস ।
জার্মানির ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাট–এর জন্য প্রস্তুত করা এক বিশ্লেষণে প্রগনোস জানিয়েছে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রতিটি দিন ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রায় ১ বিলিয়ন ইউরো (প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি করে।
গবেষণায় বলা হয়েছে, গত জুনের শেষ দুই সপ্তাহে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে জার্মানির অর্থনীতিতে প্রায় ৬ দশমিক ৩২ বিলিয়ন ইউরো (প্রায় ৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে।
গবেষকদের আশঙ্কা, ভবিষ্যতে যদি প্রতি বছর একই ধরনের তিন থেকে চারটি তাপপ্রবাহ দেখা দেয়, তাহলে বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ইউরোর সীমা ছাড়িয়ে যেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চরম তাপমাত্রার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উৎপাদন খাতে। এর পরই রয়েছে স্বাস্থ্য ও সামাজিক সেবা, খুচরা বাণিজ্য, নির্মাণ এবং খাদ্যশিল্প।
তবে গবেষকেরা জানিয়েছেন, তাঁদের এই হিসাবের মধ্যে বিদ্যুতের উচ্চমূল্য, যন্ত্রপাতির বিকল হওয়া, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ক্ষতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এসব বিষয় যুক্ত করলে প্রকৃত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনা বাড়তে থাকায় শিল্পনির্ভর অর্থনীতিগুলো ক্রমেই বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়ছে।
