ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। শুক্রবার দিবাগত রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করা হয়।
একুশের প্রথম প্রহরে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পবিত্র রমজান মাস উপলক্ষে এ বছর আয়োজন ছিল সংক্ষিপ্ত ও শ্লোগানমুক্ত। সভাপতি আতাউর রহমান সেলিম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সোসাইটি সবার সংগঠন, এখানে কোনো রাজনৈতিক শ্লোগান দেওয়া হবে না। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পুষ্পস্তবক অর্পণকারী সংগঠনগুলোর নাম ঘোষণা করেন। শুরুতে সোসাইটির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া হয় এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এছাড়া মাতৃভাষা দিবস উপলক্ষে সোসাইটির বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্প্রতি সোসাইটির কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
