নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পুলিশের দিকে তুষার বল নিক্ষেপের ঘটনাকে সরাসরি ‘অপরাধ’ বলতে নারাজ। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মূলত একটি তুষার বলের খেলা। তুষারঝড়ের সময় পুলিশ ও শহরের কর্মীরা সামনে থেকে দায়িত্ব পালন করেছেন এবং তাঁরা সম্মানের দাবিদার। হালকা রসিকতায় তিনি যোগ করেন, শহরের কর্মীদের মধ্যে কাউকে যদি তুষার বলের লক্ষ্য বানাতে হয়, তাহলে সেটা যেন তিনি নিজেই হন। এই মন্তব্যের পরও বিতর্ক থামেনি।
সোমবার ওয়াশিংটন স্কয়ার পার্কে তুষারঝড়ের পর শত শত মানুষের অংশগ্রহণে একটি বড় তুষার বলের খেলা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তাদের দিকে ভিড় থেকে বারবার তুষার নিক্ষেপ করা হয়। পরে তাঁরা অতিরিক্ত সহায়তা চান।
পুলিশ জানায়, দুই কর্মকর্তা আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘটনাটিকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন।
সমালোচনায় সরব হয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও সাবেক মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকুল স্পষ্টভাবে বলেছেন, কোনো পুলিশ কর্মকর্তার দিকে কিছু নিক্ষেপ করা গ্রহণযোগ্য নয়।
একই ঘটনা, ভিন্ন ব্যাখ্যা। এটি কি নিছক শীতের আনন্দ, নাকি আইনশৃঙ্খলার প্রশ্ন সে বিতর্ক এখন নিউইয়র্কের আলোচনার কেন্দ্রবিন্দু।
