শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পুতিনের প্রস্তাব নাকচ করলেন ট্রাম্প, নতুন পারমাণবিক চুক্তির পক্ষে যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬

পুতিনের প্রস্তাব নাকচ করলেন ট্রাম্প, নতুন পারমাণবিক চুক্তির পক্ষে যুক্তরাষ্ট্র

কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর মেয়াদোত্তীর্ণ সীমা স্বেচ্ছায় আরও বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া প্রস্তাবের বদলে ট্রাম্প নতুন ও আধুনিক একটি পারমাণবিক চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, বিদ্যমান ‘নিউ স্টার্ট’ চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য যথাযথভাবে আলোচিত হয়নি এবং এটি একাধিকবার লঙ্ঘিত হয়েছে। তাঁর মতে, পুরোনো চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন, দীর্ঘমেয়াদি ও আধুনিক চুক্তি হওয়া উচিত।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, সম্ভাব্য নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার আগ্রহ রয়েছে তাঁর। তবে বেইজিং এ বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো কার্যকর সীমা নেই। এতে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগও বেড়েছে।

গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সম্মত হলে রাশিয়া আরও এক বছর চুক্তির শর্ত মেনে চলতে প্রস্তুত। তবে ওয়াশিংটন সে প্রস্তাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, এই চুক্তি রাশিয়া ও চীনের বিরুদ্ধে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা সীমিত করছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পারমাণবিক স্থিতিশীলতার প্রশ্নে রাশিয়া দায়িত্বশীল ও সতর্ক নীতি অনুসরণ করবে। তবে জাতীয় স্বার্থই সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এদিকে আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি শিহাব রাত্তানসি জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আবুধাবিতে থাকা মার্কিন ও রুশ প্রতিনিধিদল অনানুষ্ঠানিকভাবে ছয় মাসের জন্য নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা করেছিল। তবে চুক্তির কাঠামো অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ইউক্রেনে পশ্চিমা সহায়তার জবাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আন্তর্জাতিক মহলে ব্যাপক আশঙ্কা সৃষ্টি করে।

উল্লেখ্য, প্রথম স্টার্ট চুক্তি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। পরে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ‘নিউ স্টার্ট’ চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় উভয় দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েন করতে পারত। ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের সমঝোতায় চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।


তথ্যসূত্র: আল জাজিরা